নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াত প্রচারের সময় বাউল দলের অনুসারী গোষ্ঠী অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে উপজেলার ভুলতা বাসষ্ট্যান্ডে শত শত তৌহিদী জনতা জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে লিখিত বক্তব্য দেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ন সম্পাদক হযরত মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী। এ সময় উপস্থিত ছিলেন- ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমী, যুগ্ন সম্পাদক মাওলানা কামরুল হাসান, মাহবুব জালালাবাদী, মুফতি নুরুজ্জামান শিবলী, মাওলানা ইউসুফ ফরিদী প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ জুন রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় বাউল গানের আসর চলছিল। পাশেই ইসলাম প্রচার করতে গেলে বাউল দলের অনুসারী লোকজন আলেম-ওলামাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন তারা। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আলেম-ওলামারা।
শান্তিপূর্ণ ধর্মপ্রচার কাজে বাঁধা দেয়ায় রূপগঞ্জের আলেম-ওলামা ও মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থাণীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
হামলাকারীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী।
পড়ুন : কৌটা পছন্দ না হওয়ায় পুলিশ সদস্যকে কেচির আঘাতে ক্ষতবিক্ষত করলেন ফার্মেসির লোকজন


