পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দধিভাঙ্গা বাজারসংলগ্ন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল। ব্যাগটি তল্লাশি করে কিছু নগদ টাকা, চকলেট, আচার, বিস্কুট, বাদাম এবং বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে কিছু ধারণা করা হলেও, পুলিশ বলছে পরিচয় শনাক্ত ও তদন্ত সম্পন্ন হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। মৃত্যুর প্রকৃত কারণও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে ভুয়া অ্যাডমিট কার্ড বানিয়ে পরীক্ষার চেষ্টা, দুজনকে জরিমানা


