লিওনেল মেসি যেন রেকর্ডের বরপুত্র হয়ে যাচ্ছেন। তিনি মাঠে নামলেই বিশ্বরেকর্ড হয়ে যায়। শনিবার (৪ জুলাই) সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের রাতে আর্জেন্টিনা অধিনায়ক যা করলেন, তা এককথায় অবিশ্বাস্য। ৩৯ বছর বয়সে এসেও এক ম্যাচেই তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন ফুটবল ইতিহাসের একগাদা রেকর্ড। কাতার বিশ্বকাপের সেই অতিমানবীয় রূপ ধরে রেখে এই ম্যাচেও শুধু গোলই করেননি, বরং ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ‘গোল কুড়ি’র মাইলফলক স্পর্শসহ এক অনন্য রেকর্ডগাথা রচনা করেছেন এই মহাতারকা।
কেপ ভার্দের বিপক্ষে আজ মাঠে নেমেই প্রথম রেকর্ডটি গড়েন মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে আজ ৩০তম ম্যাচ খেলার অবিস্মরণীয় কীর্তি গড়লেন তিনি। এরপর ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ নিয়ে যান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই জাদুকর। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ফুটবলারের ২০টি গোল করার রেকর্ড নেই।
চলতি বিশ্বকাপে আজ নিজের সপ্তম গোলটি করেছেন মেসি। এর মাধ্যমে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) অন্তত ৭টি বা তার বেশি গোল করার অনন্য রেকর্ড গড়লেন তিনি। আর মাত্র একটি গোল করলেই ১৯৩০ বিশ্বকাপে গুইলারমো স্ট্যাবিলের গড়া এক আসরে কোনো আর্জেন্টাইনের সর্বোচ্চ ৮ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।
আজকের ম্যাচের পর বিশ্বকাপের নকআউট পর্বে মেসির অবদান পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে নকআউট পর্বের ম্যাচগুলোতে সরাসরি ১২টি গোলে ভূমিকা রেখেছেন তিনি (৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট)। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের যৌথভাবে সর্বোচ্চ ১১টি গোলের অবদানের রেকর্ডটি।
পাশাপাশি, হাঙ্গেরির গিয়র্গি সারোসি এবং ব্রাজিলের ভাভার পর ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা ৫টি নকআউট ম্যাচে গোল করার অনন্য নজির গড়লেন মেসি। আর্জেন্টিনার খেলা গত ৬টি নকআউট ম্যাচের দিকে তাকালে মেসির প্রভাব স্পষ্ট হয়ে ওঠে, যেখানে দলের ১০টি গোলেই সরাসরি অবদান রেখেছেন তিনি (৬ গোল ও ৪ অ্যাসিস্ট)।
বয়স যে তার ধার কমাতে পারেনি, তার প্রমাণ দেয় আরেকটি পরিসংখ্যান। ৩৫ বছর পার হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে একাই ১৪টি গোল করেছেন মেসি। অথচ ফুটবল ইতিহাসে ৩৫ বছর পার হওয়া পৃথিবীর অন্য সব ফুটবলার মিলে বিশ্বকাপে গোল করতে পেরেছেন মাত্র ২৫টি!
আজ ৩৯ বছর বয়সি মেসি যখন কেপ ভার্দের ৪০ বছর বয়সি গোলরক্ষক ভোজিনহার জালে বল পাঠান, তখন আরেকটি অদ্ভুত রেকর্ড তৈরি হয়। গোলদাতা ও গোলরক্ষকের সম্মিলিত বয়স ছিল ৭৯ বছর ৬১ দিন–যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি গোলদাতা ও গোলরক্ষকের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড।
বিশ্বকাপের মঞ্চে এ পর্যন্ত ২২টি ভিন্ন দেশের মুখোমুখি হয়ে ১৪টি দেশের বিপক্ষেই গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির এই রেকর্ডের দিনে কেপ ভার্দেকে হারিয়ে টুর্নামেন্টের পরের রাউন্ডে নিজেদের জায়গা আরও সুসংহত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

