নওগাঁয় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করতে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ- ২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম সায়েম, সদর উপজেলা জামায়াতের আমির এডভোকেট আব্দুর রহিম, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহবায়ক দেওয়ান মাহবুব সোহাগ, বাংলাদেশ খেলাফতে মজলিসের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, এলডিপি জেলা শাখার সাধারণ সম্পাদক শাহেনশাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি আজফারুল হক প্রমূখ।
বক্তারা বলেন, ২ বছর আগে খুনি হাসিনা দিনে দুপুরে এদেশের ছাত্রজনতার ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিলো। যা প্রমাণিত হলেও খুনি হাসিনার বিচার ত্বরান্বিত করতে নির্বাচিত সরকার দৃশ্যমান ভূমিকা রাখছেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দেশবাসীর সাথে তামাশা শুরু করেছে বিএনপি সরকার। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন সহ খুনিদের বিচার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে মাঠে নামবে ১১ দলীয় ঐক্যজোট।
পড়ুন : সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ ও হরিণের ফাঁদসহ আটক ৪


