কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক ও ব্যক্তিকেন্দ্রিক করতে নতুন সুবিধা যুক্ত করছে অ্যাপল। প্রতিষ্ঠানটির সর্বশেষ পরীক্ষামূলক সফটওয়্যার সংস্করণে ব্যবহারকারীরা এখন সিরির কণ্ঠের আবেগের মাত্রা এবং কথা বলার গতি নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। এর ফলে ভার্চুয়াল সহকারীর সঙ্গে যোগাযোগ হবে আরও স্বাচ্ছন্দ্যময় ও বাস্তবধর্মী।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, আইওএস ২৭–এর তৃতীয় বেটা সংস্করণে নতুন এ সুবিধা চালু হয়েছে। এর আগে সংশ্লিষ্ট অপশনের পাশে ‘শিগগিরই আসছে’ বার্তা দেখা গেলেও, সর্বশেষ সংস্করণে ব্যবহারকারীরা সেটি ব্যবহার করতে পারছেন।
নতুন ফিচারের মাধ্যমে শুধু নারী বা পুরুষ কণ্ঠ নয়, বিভিন্ন উচ্চারণের কণ্ঠও নির্বাচন করা যাবে। পাশাপাশি সিরি কত দ্রুত কথা বলবে এবং তার কণ্ঠে কতটা মানবিক আবেগ প্রকাশ পাবে, সেটিও ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারবেন। কণ্ঠ পরিবর্তনের সময় সিরি কয়েকটি নমুনা বাক্য শুনিয়ে নতুন কণ্ঠস্বর কেমন শোনাবে, সেটিও প্রদর্শন করবে।
অ্যাপল ধাপে ধাপে সিরিতে উন্নত এআই প্রযুক্তি যুক্ত করে এটিকে আরও বুদ্ধিমান ও ব্যবহারবান্ধব করে তুলতে কাজ করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ব্যবহারকারীদের জন্য আরও ব্যক্তিগত, স্বাভাবিক এবং কার্যকর সহকারী তৈরি করা।
নতুন সংস্করণে সিরির সঙ্গে যোগাযোগের পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। ব্যবহারকারীরা এখন কণ্ঠে নির্দেশ দেওয়া ছাড়াও পর্দায় লিখে, ডিভাইসের পাশের বোতাম ব্যবহার করে অথবা আলাদা সিরি অ্যাপের মাধ্যমেও সহকারীকে নির্দেশ দিতে পারবেন।
এ ছাড়া আইওএস ২৭–এর নতুন বেটা সংস্করণে রিমাইন্ডারস অ্যাপের আইকনেও পরিবর্তন আনা হয়েছে। তবে কিছু পরীক্ষামূলক ব্যবহারকারী জানিয়েছেন, হালনাগাদের পর সাময়িকভাবে তাদের ডিভাইসে নতুন সিরি অদৃশ্য হয়ে গেছে। আবার কারও ফোনে তথ্য পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা ভবিষ্যতে এআইভিত্তিক উন্নত অনুসন্ধান সুবিধা চালুর প্রস্তুতির অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বী এআই সহকারীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সিরিকে আরও আধুনিক ও ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতায় রূপ দিতে এসব পরিবর্তন আনছে অ্যাপল।
পড়ুন:বিরতি শেষে আবার বসছে সংসদ অধিবেশন
ইমি/


