জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে কুড়িগ্রামের দুই ব্যক্তিকে ৬৪ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ বালিয়ামারী বিওপি সীমান্ত পিলার ১০৭১/৪-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলা বাজার নদীর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন— মো. মানিক মিয়া (৩২), পিতা: মৃত তারা মিয়া, গ্রাম: চরলাঠিয়াল ডাঙ্গা, ডাকঘর: যাদুরচর, থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম এবং মো. সাইফুল ইসলাম (৩৬), পিতা: মৃত আবুল কাশেম, গ্রাম: সাজাই আনন্দবাজার, ডাকঘর: রাজিবপুর, থানা: চর রাজিবপুর, জেলা: কুড়িগ্রাম।
অভিযানে তাদের কাছ থেকে ৬৪ পিস ভারতীয় ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৪২ হাজার ৯৮৯ টাকা।
জামালপুর ৩৫ বিজিবি জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ চর রাজীবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : কুড়িগ্রামে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ফুল শিক্ষাবৃত্তি


