ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা মিসরীয়রা ১৫তম মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায়। এরপর ২০তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু অধিনায়ক লিওনেল মেসির নেওয়া পেনাল্টি শটটি দারুণ দক্ষতায় রুখে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের।
এর আগে মিশরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক হেড করেন। বলটিকে পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে জালের ভেতরে পাঠান তিনি। কর্নার থেকে উড়ে আসা বলে ক্রস বাড়িয়ে এই গোলটিতে অ্যাসিস্ট করেন মারওয়ান আতিয়া।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের নামের পাশে এই পরিসংখ্যান আসলেই বড্ড বেমানান! বিশ্বকাপে এই নিয়ে মোট ৮টি পেনাল্টি নিলেন লিওনেল মেসি। আর তার মধ্যে ৪টিই মিস! বিশ্বমঞ্চে নেওয়া তাঁর স্পট কিকের অর্ধেকই জালে জড়াতে ব্যর্থ হয়েছেন এই মহাতারকা। ১২ গজ দূরত্বের এই স্নায়ুযুদ্ধে মেসির এমন রেকর্ড আসলেই অবিশ্বাস্য।
টেলিভিশন চ্যানেল আইটিভির তথ্য অনুযায়ী, বিশ্বকাপে এক অনন্য ও অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন লিওনেল মেসি। চলতি আসরে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পর আজ মিসরের বিপক্ষেও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি। এর মাধ্যমে (টাইব্রেকার বাদে) বিশ্বকাপের একই আসরে দুটি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হলেন মেসি।


