গুগল আগামী ২০ আগস্ট ‘মেড বাই গুগল’ (Made by Google) শীর্ষক বার্ষিক হার্ডওয়্যার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে। যদিও এবারের অনুষ্ঠানে কোন কোন ডিভাইস উন্মোচন করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি গুগল।
তবে বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য ফাঁস ও প্রযুক্তি বিশ্লেষকদের প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এবারের আসরের মূল আকর্ষণ হবে পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন। নতুন সিরিজে নকশাগত কিছু পরিবর্তনের পাশাপাশি নতুন একটি সোনালি রঙের সংস্করণও যুক্ত হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাধারণ পিক্সেল ১১ মডেলে পর্দার চারপাশের বেজেল বা কালো অংশ আগের তুলনায় আরও সরু হতে পারে। পাশাপাশি ফোনটির পেছনের ক্যামেরা মডিউলের নকশায়ও পরিবর্তন দেখা যেতে পারে। অন্যদিকে, পিক্সেল ১১ প্রো মডেলটি আগের সংস্করণের তুলনায় কিছুটা পাতলা ডিজাইনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ভাঁজ করা যায় এমন পিক্সেল ১১ প্রো ফোল্ড মডেলেও বড় পরিবর্তনের আভাস মিলেছে। এতে নতুন ক্যামেরা বিন্যাস, কম ওজনের নকশা এবং উন্নত হার্ডওয়্যার ব্যবহার করা হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সম্ভাব্য একটি পরিবর্তন ক্রেতাদের জন্য সুখবর নাও হতে পারে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পিক্সেল ১১ সিরিজে ১২৮ গিগাবাইট স্টোরেজের সংস্করণ নাও থাকতে পারে। পরিবর্তে শুরু থেকেই ২৫৬ গিগাবাইট স্টোরেজের মডেল বাজারে আনা হতে পারে। এর ফলে ফোনগুলোর প্রাথমিক মূল্যও কিছুটা বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছর একই আয়োজনে গুগল পিক্সেল ১০ সিরিজের পাশাপাশি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার, ভাঁজযোগ্য স্মার্টফোন, নতুন স্মার্টওয়াচ এবং স্বল্পমূল্যের তারবিহীন ইয়ারবাড উন্মোচন করেছিল। এবারও প্রযুক্তিপ্রেমীদের নজর থাকবে গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ এবং এআইভিত্তিক নতুন উদ্ভাবনের দিকে।
পড়ুন:যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
ইমি


