জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আবারও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) ভোররাতে ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮-এস সাব-পিলার এলাকা দিয়ে এ চেষ্টা চালানো হয়। বিএসএফ সদস্যরা একজন বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই তিনজনকে আটকে রেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে।
বিজিবির উপস্থিতির পর পুশইনের চেষ্টা ব্যর্থ হলে ওই তিনজন সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান নেন। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানায় ৪৮ বিজিবি।
একই দিন রাত ১২টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সীমান্তসংলগ্ন গোমরা গ্রাম দিয়েও চারজনকে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি সেটিও প্রতিহত করে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের গোমরা গ্রামের বাসিন্দারা জানান, সম্ভাব্য পুশইন ঠেকাতে তারা কয়েকটি দলে ভাগ হয়ে রাতভর সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন।
পড়ুন : বন্যা ও পাহাড়ধসে কক্সবাজারে ২৬ মৃত্যু
সা/


