বিজ্ঞাপন

বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা

ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির একটি সুবিধা বন্ধ করে দিয়েছে মেটা। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি চালু হওয়া ‘মিউজ ইমেজ’ (Muse Image) নামের এই ফিচারটি অন্যের উন্মুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে নতুন ছবি তৈরি করতে সক্ষম ছিল।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে চালু হওয়া এ সুবিধাটি ছিল মেটার নতুন এআই ইমেজ জেনারেশন প্রযুক্তির অংশ। ব্যবহারকারীরা শুধু কোনো উন্মুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম উল্লেখ করেই সেই অ্যাকাউন্টের বিদ্যমান ছবি থেকে নতুন ছবি তৈরি করতে পারতেন। তবে এই প্রক্রিয়ায় যার ছবি ব্যবহার করা হচ্ছিল, তাকে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হতো না কিংবা তার অনুমতিও নেওয়া হতো না।

এ বিষয়টি প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। ব্যবহারকারী, শিল্পী এবং বিভিন্ন ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অভিযোগ করে, এ ধরনের সুবিধা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে নারীদের ছবি বিকৃত করে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরির আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সমালোচনার পর নিজেদের অবস্থান পরিবর্তন করে মেটা। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, তাদের উদ্দেশ্য ছিল সৃজনশীল কাজকে আরও সহজ করা এবং ব্যবহারকারীদের উন্মুক্ত ছবি ব্যবহারের ওপর নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া। তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া থেকে তারা বুঝতে পেরেছে, ফিচারটি প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং এতে নানা ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। তাই সুবিধাটি আপাতত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরির ঘটনা দ্রুত বাড়ছে। ফলে নতুন এআইভিত্তিক সেবা চালুর আগে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং ব্যবহারকারীর সম্মতির বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

পড়ুন:ভারি বৃষ্টিতে দুর্ভোগে বৃদ্ধার ঘর, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন