ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলার পদত্যাগের দাবিতে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দোহার থানা মোড়ে দোহার উপজেলা ও দোহার পৌর মহিলা দলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পা আক্তার এবং দোহার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা সুলতানা রুবিনা। বিক্ষোভ মিছিলটি ওয়ান ব্যাংক মোড় থেকে শুরু হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত দোহার উপজেলা মহিলা দলের কমিটিতে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হয়নি। বরং বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত পছন্দের লোকজনকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, এ ধরনের কমিটি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলার পদত্যাগ দাবি করেন। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে ত্যাগী নেত্রীদের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত দোহার উপজেলা মহিলা দলের কমিটি থেকে পদত্যাগকারী সভাপতি মিনু আক্তার, সিনিয়র সহ সভাপতি সম্পাদক রুবিনা রাজ, সাংগঠনিক সম্পাদক সায়মা আক্তার ঝুনু, প্রচার সম্পাদক সাবিনা জেসমিন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহনাজ আক্তার, দোহার পৌর মহিলা দলের সভাপতি জেসমিন আক্তার, সিনিয়র সহ-সভাপতি এইচ এ হিমু মোল্লা, সাংগঠনিক সম্পাদক উর্মিলা উর্মি, সিনিয়র যুগ্ম সম্পাদক সুরাইয়া বেগম, প্রচার সম্পাদক সেলিনা আক্তার, দপ্তর সম্পাদক নাজমা বেগমসহ উপজেলা ও পৌর মহিলা দলের বিপুলসংখ্যক নেত্রী-কর্মী অংশ নেন।
পড়ুন : কেসিসিতে ৭৫০ শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত, রাতেই অপসারণ হবে নগরীর বর্জ্য


