সামাজিক যোগাযোগমাধ্যমে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিভ্রান্তিকর পোস্ট, গ্রাফিক্স ও প্রচারণা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার বা প্রচার না করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্টার ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারিত এসব পোস্টার ও বক্তব্য সম্পূর্ণ অননুমোদিত এবং দলের সাংগঠনিক অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “একটি স্বার্থান্বেষী মহল ও কিছু ভুয়া বা অননুমোদিত ফেসবুক পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সাংগঠনিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “যাচাই-বাছাই ছাড়া কোনো পোস্ট, ছবি বা তথ্য শেয়ার কিংবা প্রচার করবেন না। দলীয় সিদ্ধান্ত, কমিটি বা সাংগঠনিক বিষয়ে শুধুমাত্র দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও অনুমোদিত সূত্র থেকে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করুন।”
জেলা বিএনপির আহ্বায়ক জানান, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপি একটি বৃহৎ ও গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব বা ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হয়ে দলের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারণায় অংশ না নেওয়ার জন্য নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
পড়ুন : কেসিসিতে ৭৫০ শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত, রাতেই অপসারণ হবে নগরীর বর্জ্য


