দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান। সেখান থেকে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেন। পরে বিকেলে আবারও সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা আবারও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় তারা ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘জ্বালো রে জ্বালো—আগুন জ্বালো’ এবং ‘আপস না, সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে এবং আরেক দল টিএসসির দিকে যান। এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা
আর/


