গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার রয়েল হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি ঘিরে ফেলে। এ সময় পালানোর চেষ্টা করলে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— এলাহী শেখ (৪৮), আরব আলী (৪৯), রশিদুল (৪৮), বাবুল হোসেন (২৯) এবং মামুন হাসান (২৮)। পুলিশ জানায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
পড়ুন : মাধবদীতে তিন মাসের শিশুর পা ভাঙার অভিযোগ, আটক ৩


