রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের ধারাবাহিকতায় এবার সিরাজগঞ্জেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন সড়কে অবস্থান কর্মসূচি পালন করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষা পরিচালনায় অব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া এবং শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। এ সময় তারা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘শিক্ষা নিয়ে প্রহসন চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচির কারণে বাজার স্টেশন সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি এইচএসসি পরীক্ষার রুটিন প্রণয়ন, প্রশ্নপত্র প্রস্তুত ও পরীক্ষা ব্যবস্থাপনায় কার্যকর সংস্কারের দাবি জানান।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পড়ুন : মানবপাচার দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


