বীর মুক্তিযোদ্ধাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে জাতির সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করেন সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
প্রশ্নে তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন সরকারগুলো দলীয় লোকজনকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আবার সরকার পরিবর্তনের পর সেই তালিকায় ছাঁটাই-বাছাই করা হয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি জানতে চান, বর্তমান সরকারের এ বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং দলটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি নিজেদের দায়িত্ব ও অঙ্গীকারে বিশ্বাসী।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর যাদের নিরপেক্ষ ও সঠিক মুক্তিযোদ্ধার তালিকা তৈরির দায়িত্ব ছিল, তারা তা করতে পারেননি। পরবর্তী সময়েও বিভিন্ন কারণে এ তালিকা প্রণয়নে জটিলতা তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নির্ভুল, পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের লক্ষ্যে কাজ করছে।
পড়ুন: পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে: শিক্ষামন্ত্রী
আর/


