বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে চট্টগ্রামের পটিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল, সিনিয়র শিক্ষক শাহজাদী বিলকিস আক্তার এবং জুলাইযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা আবদুল বারেক।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ ও আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, জুলাই শহীদদের স্মৃতি ও অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে এবং তাঁদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফের সঞ্চালনায় আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র মাওলানা নুরুল আবছার। এতে দেশের শান্তি, সমৃদ্ধি, জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পড়ুন : কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


