বিজ্ঞাপন

মন্ত্রী, মেয়র ও এমপিদের নিয়েই হঠাৎ ভেঙে পড়েছে অস্থায়ী মঞ্চ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হঠাৎ ভেঙে পড়েছে অস্থায়ী মঞ্চ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ) সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাঁও) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ। আকস্মিক এ ঘটনায় মুহূর্তের মধ্যে অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে মঞ্চে একসঙ্গে অনেক লোক উঠে পড়ায় অতিরিক্ত চাপে অস্থায়ী কাঠামোটি হঠাৎ ভেঙে যায়। এতে মঞ্চে থাকা সবাই নিচে পড়ে যান। তবে উপস্থিত নিরাপত্তাকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ত্রাণ বিতরণের মঞ্চে ওঠেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে মঞ্চে সংসদ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মীও উঠে পড়েন। অতিরিক্ত মানুষের চাপে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে এবং মন্ত্রীসহ অন্যরা পড়ে যান। তবে ভেঙে যাওয়া মঞ্চের ওপর দাঁড়িয়েই অর্থমন্ত্রী কয়েকজন দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং এরপর তিনি সাতকানিয়ার উদ্দেশে রওনা হন।

অর্থমন্ত্রীর সঙ্গে ওই মঞ্চে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। তিনি বলেন, ‘মঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠায় মঞ্চ ভেঙে গেছে। আমি নিজেও ঘোষণা দিয়েছে মঞ্চে বেশি মানুষ না ওঠার জন্য। মানুষের ভারে মঞ্চ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।’

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে জনদুর্ভোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন