মাদারীপুর সরকারি কলেজে ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক শিক্ষার্থীরা।
শুক্রবার রাতে মাদারীপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। প্রায় ৪০ মিনিট সড়কের একাংশে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, মাদারীপুর সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের কর্মী হৃদয় হাসান চরমোনাই পীরকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে একই কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী ইকবাল আমীন সম্রাট মন্তব্য (কমেন্ট) করলে কলেজ ক্যাম্পাসে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে আহত সম্রাটকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে রাতে ইসলামী আন্দোলনের সমর্থক শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পড়ুন : সরকারের পাঁচ মাস পূর্তিতে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
সা/


