নাটোরের বাগাতিপাড়া, ময়মনসিংহের গফরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাহিনীর সদস্যদের সরলতার সুযোগ নিয়ে এবং কিছু বক্তব্য কাটছাঁট ও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। তবে এসব বিষয় ইতোমধ্যে বাহিনীর নজরে এসেছে এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এসব অপপ্রচার সত্ত্বেও মাঠপর্যায়ে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন, নিষ্ঠা ও পেশাদারিত্বে কোনো প্রভাব পড়েনি। বরং অন্যায়ের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান এবং আন্তরিক সেবার কারণে সাধারণ মানুষের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাচ্ছে।
এরই একটি উদাহরণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সব স্টেডিয়াম ও স্থাপনার দীর্ঘমেয়াদি নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি পডকাস্টে বিসিবি পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ আনসার সদস্যদের দক্ষতার প্রশংসা করেন এবং তাদের দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেন।
গত ১২ জুলাই নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত স্থানে নিয়মবহির্ভূতভাবে একটি মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। দায়িত্বরত আনসার সদস্য মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে রাখতে অনুরোধ করলেও সংশ্লিষ্ট ব্যক্তি তা অমান্য করে জোরপূর্বক সেখানে গাড়ি রেখে চলে যান। পরে ফিরে এসে নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে তিনি নিজেকে হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে আনসার সদস্যকে হুমকি দেন বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের সতর্কবার্তার পর অভিযুক্ত ব্যক্তি আনসার সদস্যদের কাছে ক্ষমা চাইলে বিষয়টির নিষ্পত্তি হয়।
অনুসন্ধানে জানা গেছে, চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশের ৫০০টি উপজেলায় ৫ হাজার আনসার সদস্য চিকিৎসক, হাসপাতাল এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। তবে এ কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও দালাল চক্রের সমন্বয়ে গঠিত একটি স্বার্থান্বেষী অপরাধী গোষ্ঠীর প্ররোচনায় কিছু কথিত ভিউ ব্যবসায়ী এবং অনুমোদনহীন স্থানীয় গণমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে বাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।
বাহিনীর কয়েকজন সদস্যের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে মূল ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। দাবি করা হয়েছে, এসব উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। হাসপাতাল, চিকিৎসক ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা সুরক্ষা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই বাহিনীর প্রতি জনগণের আস্থা কোনো অপপ্রচারেই নষ্ট করা সম্ভব হয়নি।
সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলা করে দেশ ও মানুষের কল্যাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাহিনী।
পড়ুন: আর্জেন্টিনার ৬ খেলোয়াড়কে ফাইনাল ম্যাচে নিষিদ্ধের দাবি!
আর/


