ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালার প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। খবর আনাদোলুর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কের স্টেশনগুলোতে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ওমানের ধোফার গভর্নরেটের রাজধানী সালালার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে।
তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক মনিটরিং সেন্টার জানিয়েছে, আরব সাগরে সৃষ্ট এই ভূকম্পন ‘ওয়েন ফ্র্যাকচার জোন’-এর সঙ্গে সম্পর্কিত। এটি একটি ট্রান্সফর্ম ফল্ট বা বিচ্যুতি অঞ্চল, যা আরব ও ভারতীয় টেকটোনিক প্লেটকে পৃথক করেছে। এ অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া অস্বাভাবিক নয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানও যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মুখে রয়েছে। দেশটিতে থাকা মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। পাশাপাশি ওমান উপকূলে কয়েকটি জাহাজও হামলার শিকার হয়েছে।
এদিকে একই দিনে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে। পরিস্থিতির কারণে উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়।
পড়ুন: আর্জেন্টিনার ৬ খেলোয়াড়কে ফাইনাল ম্যাচে নিষিদ্ধের দাবি!
আর/


