জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে গণভোটে ৭০ শতাংশ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার নিজেদের বৈধ দাবি করছে। তাই গণভোটকে অস্বীকার করা হলে সরকারকেও গ্রহণযোগ্য মনে করা হবে না। গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে এবং জনগণই তা বাস্তবায়নে বাধ্য করবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যোগাযোগ ব্যবস্থাসহ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯১ সালের পর ক্ষমতায় এসে কেয়ারটেকার সরকার কী, তা তখন আপনারা বুঝতে পারেননি। পরে ঠিকই বুঝেছেন। তিনি বলেন, জাতির ক্ষতি হওয়ার পর নয়, এখনই বিষয়টি অনুধাবন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, তারা রাজপথে থাকতে চান না; বরং সবাইকে নিয়ে দেশ গঠনের কাজে অংশ নিতে চান। তবে সরকার যেভাবে বিরোধীদের রাজপথে নামতে বাধ্য করছে, তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেন।
পড়ুন: ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আর/


