চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশন এলাকা ও রয়েল গেইট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি বাস কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কে উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ৪ থেকে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, একই সকালে উপজেলার রয়েল গেইট এলাকায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মোহাম্মদ শামীম জানান, রয়েল গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পড়ুন: শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
আর/


