দীর্ঘ প্রায় দেড় মাস উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ শূন্য থাকার পর অবশেষে সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মিজ্ সখিনা আক্তার।
রবিবার (১৯ জুলাই, ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের আগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নবযোগদানকৃত ইউএনও মিজ্ সখিনা আক্তার-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সুনামগঞ্জের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তবর্তী ও বন্যাপ্রবণ হওয়ায় এ উপজেলার প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি সেবায় কিছুটা ধীরগতি দেখা দিয়েছিল। নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে নবযোগদান উপলক্ষে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নতুন ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
বিশেষ করে বন্যা, নদীভাঙন ও সীমান্তসংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় উপজেলা প্রশাসন আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে স্থানীয়দের প্রত্যাশা। নতুন ইউএনওও সরকারি নির্দেশনা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
পড়ুন: শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ


