মেহেরপুরের গাংনী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি, অনিয়ম ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। রোববার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু। এ সময় উপজেলা, পৌর, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানান এবং জনসেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তোলেন।
সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ফাইলিংয়ের নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, কৃষি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে একটি দালালচক্র সক্রিয় রয়েছে। এসব দালালের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে তারা দাবি করেন।
তারা আরও বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার বিতরণেও অনিয়ম হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এখনও কৃষি খাতে প্রভাব বিস্তার করে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেন বক্তারা। একই সঙ্গে সম্প্রতি স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহের বিষয়টিও তুলে ধরে তারা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না।
বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সরকারি দপ্তরে দুর্নীতি, দালালচক্রের দৌরাত্ম্য এবং জনভোগান্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় জনস্বার্থে বিএনপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সমাবেশ থেকে সতর্ক করা হয়।
পড়ুন: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ঝড়ো হাওয়ার আশঙ্কা
সা/


