টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর পুরাতন কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে মরদেহের কংকাল চুরির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, কবর খুঁড়ে মরদেহের মাংস আলাদা করে শুধু কংকাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কবরস্থানের কয়েকটি কবরের মাটি অস্বাভাবিকভাবে খোঁড়া অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে কবরগুলো পরীক্ষা করে পাঁচটি কবর থেকে কংকাল নিখোঁজ থাকার অভিযোগ ওঠে।
স্থানীয়দের ভাষ্য, কবরের ভেতরে মরদেহের অবশিষ্টাংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।ঘটনার খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ কবরস্থানে ভিড় করেন। অনেক স্বজন তাদের প্রিয়জনের কবরের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়দের অভিযোগ, এটি একটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত কর্মকাণ্ড।দীর্ঘদিন ধরে কবরস্থানটিতে কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা এ সুযোগ নিয়েছে বলেও অভিযোগ করেন তারা।এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
সা/


