সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্টাডি ট্যুরে অংশগ্রহণ করেছেন।
গত ১২ থেকে ১৭ জুলাই সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই স্টাডি ট্যুরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়ন, সবুজ অর্থনীতি, জ্বালানি রূপান্তর, জলবায়ু অর্থায়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় করেন।
সফরের সিঙ্গাপুর পর্বে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী দেশটির বৃষ্টির পানি ব্যবস্থাপনা ও জলসম্পদ সংরক্ষণ প্রকল্প, জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান, জাতীয় জলবায়ু পরিবর্তনবিষয়ক সচিবালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এবং টেকসই অর্থায়নবিষয়ক সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।
এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর নীতিমালা প্রণয়ন, কার্বন বাজারের সম্ভাবনা, টেকসই অর্থায়ন, সবুজ বিনিয়োগ, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী সংসদ সদস্যরা নিজ নিজ দেশের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সফরের ইন্দোনেশিয়া পর্বে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার আন্তঃসংসদীয় জোট, আসিয়ান সচিবালয়, জাতীয় জ্বালানি পরিষদ এবং আসিয়ান জ্বালানি কেন্দ্রের সঙ্গে অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।
এসব বৈঠকে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তঃদেশীয় বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সংসদীয় কূটনীতি, জ্ঞান বিনিময় এবং যৌথ উদ্যোগ আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আন্তর্জাতিক স্টাডি ট্যুর বাংলাদেশের সংসদীয় কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু ও জ্বালানি খাতে ভবিষ্যৎ নীতি প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সফরে অর্জিত অভিজ্ঞতা দেশের টেকসই উন্নয়ন, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর এই আন্তর্জাতিক অংশগ্রহণ বৈশ্বিক পরিসরে বাংলাদেশের সক্রিয় প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করবে এবং জলবায়ু, জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পড়ুন : সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


