পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরীক্ষক (টিটিই) কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজশাহীতে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত টিটিইর শাস্তির দাবিতে শুরু হওয়া এ কর্মসূচির ফলে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশের রেললাইনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৬৭ ব্যাচ) ছাত্র।
জানা গেছে, পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় সংশ্লিষ্ট টিটিই সরকারি রসিদ না দিয়ে অসাধু উপায়ে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রতিবাদ করলে ওই শিক্ষার্থীর সঙ্গে টিটিইর বাকবিতণ্ডা হয়।
সহপাঠীদের দাবি, শিক্ষার্থীর গায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টি-শার্ট থাকা সত্ত্বেও তাকে মারধর করা হয়। পরে ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগেই তাকে আগের একটি স্টেশনে জোর করে নামিয়ে দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা চারুকলা সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। তাদের দাবি, অভিযুক্ত টিটিই সুমনকে অবিলম্বে শিক্ষার্থীদের সামনে হাজির করতে হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার রেলপথ দিয়ে কোনো ট্রেন চলাচল করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।
আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পরও একজন শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত টিটিই সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তাকে শিক্ষার্থীদের সামনে হাজির করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, আজ এ ঘটনার প্রতিবাদ না করলে ভবিষ্যতে সাধারণ যাত্রী বা অন্য শিক্ষার্থীরাও একই ধরনের ঘটনার শিকার হতে পারেন।
এদিকে, অবরোধের কারণে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের যোগাযোগের চেষ্টা চলছে। তবে অভিযুক্ত টিটিইকে উপস্থিত না করা পর্যন্ত রেললাইন ছাড়বেন না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।
পড়ুন: সারা দেশে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত
আর/


