চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে হাসিনা বেগম একটি লোহার মই দিয়ে ছাদে উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এর আগে থেকেই মইটি বিদ্যুতায়িত ছিল বলে জানা গেছে। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন: বিশ্বকাপ জয় নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস
আর/


