ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনইইটি)-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলমান বিতর্ক ও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকানো একটি জাতীয় দায়িত্ব এবং একটি ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই) ক্ষমতাসীন এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এসব তথ্য জানান।
রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে যৌথ উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে রিজিজু আরও জানান, সংসদীয় কার্যক্রমে এনডিএ শরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মোদি। পাশাপাশি বিরোধী দলগুলোকেও সংসদে গঠনমূলক ভূমিকা রাখার অনুরোধ করেছেন তিনি। তার মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের স্বার্থে সব সংসদ সদস্যের দায়িত্ব রয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে হাজারো বিক্ষোভকারীর ওপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের ঘটনার পরদিন প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসে। আন্দোলনকারীরা সংসদের দিকে পদযাত্রার চেষ্টা করেছিলেন।
নিট প্রশ্নফাঁসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করছে।
ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) ভারতের অন্যতম বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেখানে প্রতিবছর ২০ লাখের বেশি মেডিকেল ভর্তিচ্ছু অংশ নেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর মে মাসে পরীক্ষা বাতিল করা হয়। পরে গত মাসের শেষ দিকে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে নিট বিতর্কের পাশাপাশি প্রায় ২০ লাখ সিবিএসই শিক্ষার্থীর নম্বর প্রদানের অনলাইন ব্যবস্থাকে ঘিরেও অভিযোগ উঠেছে। অনেক শিক্ষার্থী দাবি করেছেন, স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে ভুল গ্রেড দেওয়া হয়েছে কিংবা ভুল প্রার্থীর নামে ফল প্রকাশ করা হয়েছে।
পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, নিষেধাজ্ঞার শঙ্কা
আর/


