সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশের লুণ্ঠিত ৩টি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব-৯ জানায়, সোমবার (২১ জুলাই) রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থানে অস্ত্রসদৃশ বস্তু রয়েছে। পরে রাত ১২টা ২০ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ঝোপের মধ্যে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৩টি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করে।
র্যাব জানায়, উদ্ধার হওয়া টিয়ারগ্যাস গ্রেনেডগুলো বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। তবে ঘটনাস্থলে এ ঘটনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৪৯টি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৩৭ কেজির বেশি বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড, পেট্রোল বোমা, ককটেল এবং ১৫৫টি এয়ারগানসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পড়ুন : সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা
সা/


