১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ফ্রান্স। এ-সংক্রান্ত একটি বিল দেশটির পার্লামেন্টের সমন্বয় কমিটির অনুমোদন পেয়েছে। এখন এটি নিম্নকক্ষ ও সিনেটে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ চান, আগামী সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই আইনটি কার্যকর করা হোক।
প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৫ বছরের কম বয়সীরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। কোন কোন প্ল্যাটফর্ম এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে, তার তালিকা তৈরি করবে ফ্রান্সের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
আইন কার্যকর হলে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা চালু করতে হবে। এ বয়স যাচাই পদ্ধতির অনুমোদন দেবে দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা। এর মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়েছে সরকার।
ফ্রান্সের এ উদ্যোগের আগে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা কার্যকর করে। একই ধরনের পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নজুড়েও চালু করতে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন প্রেসিডেন্ট মাখোঁ। সম্প্রতি ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লায়েনও সদস্যভুক্ত ২৭টি দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের পক্ষে মত দেন।
এদিকে, প্রস্তাবিত বিলে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের আশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের অনলাইন নির্ভরতা কমাবে, শ্রেণিকক্ষে মনোযোগ বৃদ্ধি করবে এবং শিশু-কিশোরদের জন্য আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।
পড়ুন:ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন
ইমি/


