স্ক্রিপ নেটিং (ডে নেটিং/ইন্ট্রাডে ট্রেডিং) চালুর সিদ্ধান্ত বাতিলসহ পুঁজিবাজার সংস্কারে ৮ দফা দাবিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে ইনভেস্টর’স ফোরাম অব চট্টগ্রাম।
বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষের মাধ্যমে বিএসইসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপিটি দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, নতুন চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব গ্রহণের পর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছিল। তবে সম্প্রতি স্ক্রিপ নেটিং বা ডে নেটিং চালুর সিদ্ধান্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সংগঠনটির দাবি, অতীত অভিজ্ঞতায় এ ধরনের ব্যবস্থা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি তাদের ক্ষতির কারণ হতে পারে।
স্মারকলিপিতে স্ক্রিপ নেটিং সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে বিদ্যমান ট্রেডিং ব্যবস্থা বহাল রাখার পাশাপাশি মৌলভিত্তিক কোম্পানির দ্রুত তালিকাভুক্তি, অতীতের বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ২০১০ সালের ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অচল লোন হিসাব পুনরায় সচল করা, পাঁচটি ইসলামী ব্যাংকসংক্রান্ত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ৫ শতাংশের নিচে নগদ লভ্যাংশ প্রদানের প্রবণতা বন্ধ, বন্ধ কোম্পানিগুলো পুনরায় চালু এবং মার্জিন বিধিমালা-২০২৫ এর খসড়া সংশোধনী বিশেষজ্ঞদের মাধ্যমে পুনঃপর্যালোচনার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে পুঁজিবাজারের স্বার্থে এসব দাবি বাস্তবায়নে বিএসইসির কার্যকর পদক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে পুঁজিবাজারের উন্নয়নে কমিশনের ইতিবাচক উদ্যোগে ইনভেস্টর’স ফোরাম অব চট্টগ্রামের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ফোরামের আহবায়ক, আসলাম মোরশেদ, যুগ্ম আহবায়ক, খোরশেদ আলম মিলন, যুগ্ম আহবায়ক এম, এ কাদের, বিনিয়োগকারী মোহাম্মদ কায়সার। সার্বিক সহযোগিতা করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা আরিফ আহমেদ।
পড়ুন:কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙনরোধে শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা
ইমি/


