ভারতশাসিত জম্মু ও কাশ্মীরজুড়ে বড় ধরনের অভিযান শুরু করেছে পুলিশ। অনন্তনাগে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার পর শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে দুই হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, ‘সন্ত্রাসবাদকে সহায়তা দেওয়া নেটওয়ার্ক’ ভেঙে দিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনন্তনাগে এক পুলিশ সদস্য নিহত হওয়ার পর বুধবার (২২ জুলাই) জম্মু ও কাশ্মীরজুড়ে অন্যতম বড় এ অভিযান শুরু করে পুলিশ। কর্মকর্তাদের ভাষ্য, সন্ত্রাসী সংগঠনের সহযোগী বা সমর্থক হিসেবে সন্দেহভাজন দুই হাজারের বেশি ওভার গ্রাউন্ড ওয়ার্কার (ওজিডব্লিউ) আটক হয়েছেন। এর মধ্যে শুধু শ্রীনগর থেকেই প্রায় ৭০০ জনকে আটক করা হয়েছে।
এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অনন্তনাগের একটি ব্যস্ত বাজার এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের একটি দলের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ৩৫ বছর বয়সী হেড কনস্টেবল আশিক হুসেইন কুরেশি নিহত হন। ঘটনার পর পুলিশ এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসবাদকে সহায়তা দেওয়া নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানায়, অনন্তনাগের সাম্প্রতিক হামলার পর শ্রীনগর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য এবং চলমান তদন্তের ভিত্তিতে পরিচালিত এ সমন্বিত অভিযানে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাইয়ের জন্য প্রায় ৭০০ সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
অনন্তনাগ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই অন্যান্য জেলাতেও আটকের তথ্য জানানো হয়। বারামুলা জেলা পুলিশ জানিয়েছে, সেখানে ১৭৮ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং অভিযান এখনও অব্যাহত রয়েছে। বুদগামে ২০০ জন এবং গান্দেরবালে ১০০ জনকে আটক করা হয়েছে।
বুদগাম পুলিশ এক বিবৃতিতে জানায়, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসবিরোধী প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। চলমান তদন্ত ও যাচাইয়ের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পুলিশের ভাষ্য, একাধিক দলের সমন্বয়ে বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়েছে। এর উদ্দেশ্য রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সহায়তাকারী নেটওয়ার্ক চিহ্নিত ও ভেঙে দেওয়া। এক কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাসবাদকে সহায়তা দেওয়া নেটওয়ার্ক চিহ্নিত, ব্যাহত ও নিষ্ক্রিয় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই জম্মু ও কাশ্মীর পুলিশ এই গণআটক অভিযান পরিচালনা করছে।
পড়ুন: দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
আর/


