নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকরাম উল্লাহ ডিপটি ‘হেজবুত তওহীদ’কে একটি ঈমান বিধ্বংসী সংগঠন উল্লেখ করে তা দ্রুত নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, হেজবুত তওহীদ একটি ঈমান বিধ্বংসী সংগঠন। এদের অপতৎপরতা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। ইসলামের সঠিক আকিদা ও মূল্যবোধ রক্ষায় এ ধরনের বিভ্রান্তিকর সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করা জরুরি। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ইসলামী মহা-সমাবেশ শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি ঈমান ও আকিদা রক্ষার আন্দোলন। এই সমাবেশ সফল করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।
গত বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সুপার মার্কেটের ফুড-পেস্তা রেস্টুরেন্টে মহা-সমাবেশ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুর অঞ্চলের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান।
তিনি বলেন, ইসলামবিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। হেজবুত তওহীদের মতো বিভ্রান্তিকর সংগঠন মুসলিম সমাজে বিভাজন সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সভায় বিভিন্ন আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে ‘হেজবুত তওহীদ’-কে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে আগামী ১ আগস্ট অনুষ্ঠিত ইসলামী মহা-সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা মহা-সমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পড়ুন : উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে বেকারত্ব উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আব্দুল্লাহ


