শিশুদের নিরাপদ, অধিকারভিত্তিক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে কুড়িগ্রামে একটি সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ইতালির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমস ইতালিয়া (টিডিএইচ ইতালিয়া)পরিচালিত সমতার আলো-লাইট অব ইকুয়ালিটি থ্রো স্পন্সরশিপ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি), সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষাবিদ, বিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রকল্পের কার্যক্রমকে স্থানীয় বাস্তবতা, বিদ্যমান নীতিমালা ও জনগণের চাহিদার সঙ্গে আরও সমন্বয়পূর্ণ করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। একই সঙ্গে শিশু সুরক্ষাবিষয়ক চলমান কার্যক্রম, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি, শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করা এবং বাস্তবভিত্তিক পরামর্শের মাধ্যমে প্রকল্পের কার্যকারিতা আরও বাড়ানোই ছিল এ সভার মূল উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মণ্ডল বলেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ। শিশুদের নিরাপদ, সহায়ক ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”
কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি)-এর সভাপতি মো. আল আমিন ইসলাম বলেন, প্রকল্পটির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রান্তিক শিশুরাও সমতার ভিত্তিতে শিক্ষার সুযোগ পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি)-এর সভাপতি মো. আল আমিন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন টেরে ডেস হোমস ইতালিয়ার প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেল**সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভায় অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা ও শিশু অধিকার বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা
ইমি/


