১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ও ২য় অনূর্ধ্ব-১৪ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতা-২০২৬-এ দারুণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের খেলোয়াড়রা। প্রতিযোগিতায় তারা একটি দলগত স্বর্ণ, একটি রৌপ্য এবং চারটি ব্রোঞ্জ পদক জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের ৬৫০-এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের একদল প্রতিভাবান শিক্ষার্থী।
অনূর্ধ্ব-১০ মহিলা দলগত কাতা ইভেন্টে স্বর্ণপদক জয় করেন মোসাম্মৎ মানহা নুর, উম্মে হান্নানা আলী নুরনাজ এবং সৌরশ্রী দাশগুপ্ত।
অনূর্ধ্ব-১২ পুরুষ একক কুমি ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন সুইখ্যাই মারমা।
এছাড়া জুনিয়র মহিলা একক কুমি (-৪২ কেজি) বিভাগে কোয়েল বনিক, ক্যাডেট মহিলা একক কুমি (-৫৪ কেজি) বিভাগে নিলীমা মান্নান মাইনুন, অনূর্ধ্ব-১০ মহিলা একক কুমি (-৩০ কেজি) বিভাগে মানহা নুর এবং একই বিভাগের (-৩৫ কেজি) ইভেন্টে সামাওয়াত বিনতে সাঈদ ব্রোঞ্জপদক লাভ করেন।
বাংলাদেশ দলের কোচ ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ শিহান এ বি রনি। তিনি খেলোয়াড়দের এই সাফল্যকে দেশের কারাতে অঙ্গনের জন্য অত্যন্ত ইতিবাচক অর্জন হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

