বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। কয়েক দশক ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে যায়গা করে নিয়েছেন। আর চলচ্চিত্রে তার অবদান এবং অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এই বরেণ্য চলচ্চিত্র অভিনেতা। উৎসবের সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে আগামী ৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিলাই, তথ্যচিত্র কনসার্ট ফর বাংলাদেশ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়া মানুষ। আগামী ৩১ জুলাই উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইশপাইট ও দ্য ইন্টারন্যাল জার্নি। এদিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে থাকছে ‘দেয়ালের দেশ’।
উৎসবের তৃতীয় দিনে দর্শকদের জন্য থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমেরিকান ড্রিম ও ঈদ মোবারক। পাশাপাশি প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিশ্বাস করেন ভাই এবং প্রসূন রহমান পরিচালিত শেকড়। আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান। সেখানেই আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
এদিন ২০২৩ থেকে ২০২৫ সালের চলচ্চিত্রের ওপর ভিত্তি করে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা গায়ক-গায়িকা এবং বিভিন্ন শাখার কলাকুশলীদের নিয়ে মোট ২০টি বিভাগে পুরস্কার দেয়া হবে। সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।
পড়ুন : অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা
সা/


