কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় কারেন্ট জাল, মাদক ও বিড়ি জব্দ করেছে বিজিবি সদস্যরা। জব্দকৃত এসব দ্রব্যের সিজার মূল্য ৪৪লাখ ৮৫হাজার ৩’শ ৯০ টাকা।
আজ সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর উপজেলার বহালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫’শ ৯০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৪১লাখ ৮০হাজার টাকা। পরে উদ্ধারকৃত অবৈধ জালসমূহ মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের উপস্থিতিতে বিধি মোতাবেক পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া, দৌলতপুর সীমান্তের ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫’শ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫’শ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ৩লাখ ৫হাজার ৩’শ ৯০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত অবৈধ জালসমূহ বিধি মোতাবেক পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে সাধারন ডায়েরী করা হয়েছে।
পড়ুন : ৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
সা/


