ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার (২৯ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। এদিন দুপুর ১২টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছাবেন। তবে সরকারি দায়িত্ব পালন করলেও তাঁর আবাস হবে জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এর আগে শুক্রবার (২৫ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন। এরপর একই দিন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হাফিজ উদ্দিন আহমদ। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে শ্রদ্ধা জানান।


