জামালপুরের মেলান্দহ উপজেলার শাহজাতপুর গ্রামে দীর্ঘদিন ধরে ভেজাল সরিষার তেল উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। একই সঙ্গে প্রায় ১ হাজার ৮০০ লিটার ভেজাল তেল ধ্বংস, কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে কারখানার মালিক মো. আলিম উদ্দিনকে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানায় মজুত থাকা প্রায় ১ হাজার ৮০০ লিটার ভেজাল তেল মাটিতে ফেলে ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে উৎপাদন বন্ধ রাখতে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রশাসনের ভাষ্য, প্রায় এক দশক ধরে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে ভেজাল তেল তৈরি করে তা ‘জোড়া ষাঁড় মার্কা খাঁটি সরিষার তেল’ নামে বাজারজাত করা হচ্ছিল। অভিযানে পরীক্ষায় কথিত সরিষার তেলে সরিষার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানান।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও সতর্ক করা হয়েছে
পড়ুন: এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত
ইমি/


