হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গল থেকে রওনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।
হবিগঞ্জে দলের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এনসিপির গাড়িবহরে বাধা দেয়ার এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাড়িবহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই অবস্থায় ১৪৪ ধারার মধ্যে এনসিপি নেতাদের হবিগঞ্জে যেতে না করছে পুলিশ। তবে এনসিপি নেতৃবৃন্দ পুলিশকে বাধা তুলে নেয়ার কথা জানিয়েছেন। এ বিষয়ে তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
এর আগে বুধবার বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ দেন। সেই সঙ্গে আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
এই অবস্থায় হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করছেন।
এদিকে মঙ্গলবার হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দপ্তর সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে বুধবার সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনসিপির সব মহানগর ছাড়াও জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সাংবাদিক ছাড়াও এনসিপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে পুলিশ।
পড়ুন : ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা


