চট্টগ্রামের পটিয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী পার্থ দাশের নেতৃত্বে মিছিলটি পটিয়া পৌর এলাকার থানার মোড়ের বিপরীত পাশ থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটি পটিয়া থানা থেকে প্রায় ২০০ গজ দূরত্বের মধ্যে অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এসময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা রাজবন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “বিক্ষোভ মিছিলের ফুটেজ পেয়েছি। তবে ঠিক কখন মিছিলটি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পড়ুন : মৃত্যুবরণকারী ১২ শ্রমিকের পরিবারের মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ


