বিজ্ঞাপন

হাকালুকি হাওরে যৌথ অভিযান: ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, দুই জেলেকে জরিমানা

দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল এবং ছোট চিংড়ি মাছ ধরার ফাঁদ জব্দ করেছে কুলাউড়া উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাকালুকি হাওরের বিভিন্ন বিলে কুলাউড়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে জব্দকৃত অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জাম ভুকশিমইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে হাকালুকি হাওরের ১৭টি বিলকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করা হয়। এর মূল উদ্দেশ্য দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষা করা। কিন্তু অভয়াশ্রম ঘোষণার পরও এক শ্রেণির অসাধু জেলে ও মাছ ব্যবসায়ী নিষিদ্ধ জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করে আসছেন। প্রশাসনের নিয়মিত অভিযান, জাল জব্দ ও জরিমানার পরও এসব কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। তিনি বলেন, “মৎস্য অভয়াশ্রম রক্ষা এবং হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কোনো ব্যক্তি আইন অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “হাকালুকি হাওরের প্রাকৃতিক পরিবেশ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সর্বদা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। অবৈধ মাছ শিকার রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ বলেন, “নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ মাছ ধরার ফাঁদ ব্যবহার করলে মা মাছ ও পোনা নির্বিচারে নিধন হয়, যা ভবিষ্যতে মাছের উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে। তাই মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে আইন মেনে মাছ আহরণ করতে হবে।”

উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস বলেন, “হাওরের প্রায় সব জেলেই কোনো না কোনো সমবায় সমিতির সদস্য। কোনো জেলে অবৈধভাবে মাছ শিকার করলে তার বিরুদ্ধে শুধু আইনগত ব্যবস্থাই নয়, সংশ্লিষ্ট সমবায় সমিতির সদস্যপদও বাতিলের উদ্যোগ নেওয়া হবে। সমবায়ের সদস্যদের আইন মেনে মাছ আহরণে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

পড়ুন:অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: আখাউড়ায় তিন চাইনিজ রেস্তোরাঁকে ৬৫ হাজার টাকা জরিমানা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন