জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করেï সিলেটের পাঁচ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের আবেদন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে এ-সংক্রান্ত চিঠি পাঠান। তিনি জানান, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনের জন্য বিজিবি মোতায়েনের আবেদন করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিজিবি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এদিকে এনসিপি সিলেট জেলা শাখার সদস্যসচিব কামরুল আরিফ জানান, বৃহস্পতিবার তিনটি এবং শুক্রবার আরও তিনটি উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন এবং সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে কর্মসূচি পালনের কথা রয়েছে।
পড়ুন : সমুদ্রপথে ইতালি ও গ্রিসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ
সা/


