বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার জন্মদিন আজ (৩০ জুলাই)। বরাবরের মতো এবারও জীবনের বিশেষ এই দিনটি উদযাপন করছেন একমাত্র ছেলে অনিকের সঙ্গে। জন্মদিন উপলক্ষে গত ২৪ জুলাই তিনি কানাডার টরন্টোতে পাড়ি জমান।
অভিনেত্রী এখন দারুণ ব্যস্ত তবে সেটা সিনেমা নিয়ে নয়। টরন্টোতে ছেলের সঙ্গে জন্মদিন উদযাপনের পরদিনই কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন ববিতা। সেখানে খান মোহাম্মদ আলীর উদ্যোগে নর্থ হলিউডের সার্চ অব সায়েন্টোলজিতে অনুষ্ঠিতব্য ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’-এ অংশ নেবেন তিনি। আগামী ২ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে ববিতাকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের পরদিন আয়োজকদের বিশেষ ডিনার পার্টিতেও যোগ দেবেন তিনি। এরপর কিছুদিন ব্যক্তিগত সময় কাটিয়ে আগামী ৫ আগস্ট আবার কানাডায় ফিরবেন।
জন্মদিন উপলক্ষে ববিতা বলেন, একজন নায়িকা হিসেবে এই দেশের কোটি কোটি সিনেমাপ্রেমী মানুষের ভালোবাসা পেয়েছি। একমাত্র ছেলে অনিককে মানুষের মতো মানুষ বানাতে পেরেছি। এখনো মানুষের ভালোবাসা পাচ্ছি। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ। আমার প্রতিটি সিনেমার প্রযোজক, পরিচালক, সিনেমাটোগ্রাফার, মেকআপ শিল্পী, সহশিল্পীসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ ও ভালো থাকতে পারি।
অন্যদিকে, জন্মদিন উপলক্ষে ইতোমধ্যে ‘দ্য বেস্ট টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ববিতাকে উৎসর্গ করে নির্মিত বিশেষ গান ‘আওয়ার ড্রিম গার্ল’। গানটির কথা লিখেছেন সাংবাদিক ওমর ফারুক। সুর ও সংগীত পরিচালনা করেছেন শান সায়েক। এতে কণ্ঠ দিয়েছেন রাশেদ, শাপলা পাল, শান, রাইসা, জয় ও তানজিন মিথিলা। গত ২২ জুলাই গানটির মিউজিক ভিডিওর শুটিংয়েও অংশ নেন ববিতা।
বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে ববিতা অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায় পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘অশনি সংকেত’-এ অভিনয় করেছেন। অভিনয় জীবনে অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। চলতি বছর তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। এ ছাড়া ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের ডালাস শহরে প্রতি বছর ৫ আগস্ট ‘ববিতা ডে’ হিসেবে উদযাপিত হয়ে আসছে, যা আন্তর্জাতিক পরিসরেও এই কিংবদন্তি অভিনেত্রীর প্রতি সম্মানের এক অনন্য স্বীকৃতি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

