বিজ্ঞাপন

ফ্লেমিংই হলেন ইংল্যান্ড টেস্ট দলের কোচ, অধিনায়ক রুট

ব্রেন্ডন ম্যাককলাম দায়িত্ব ছেড়ে দেওয়ার পর প্রার্থী হিসেবে নাম এসেছিল বেশ কয়েকজনের; টম মুডি, অ্যান্ডি ফ্লাওয়ার, জোনাথন ট্রট, জাস্টিন ল্যাঙ্গার, রিচার্ড ডসন। কে হবেন ইংল্যান্ড টেস্ট দলের কোচ? ফ্লাওয়ার কোচ হওয়ার সম্ভাব্যতা নাকচ করে দেন। ল্যাঙ্গার বলেন, ইংল্যান্ড তার সঙ্গে যোগাযোগই করেনি।

বাকিদের মধ্যে স্টিফেন ফ্লেমিং ছিলেন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। অবশেষে তিনিই হলেন কোচ। চলতি মাসের শুরুতে চেন্নাই সুপার কিংসের দায়িত্ব ছেড়ে দেওয়া এই কোচের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চার বছরের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মেয়াদ ২০৩০ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত।

ফ্লেমিং কোচ হিসেবে চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজিটির এসএ২০ ও এমএলসি’র দলগুলোরও কোচ ছিলেন। নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে স্বল্পমেয়াদি পরামর্শক কোচ হিসেবেও কাজ করেছেন। খেলোয়াড় হিসেবে মিডলসেক্স, ইয়র্কশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়ে খেলার পাশাপাশি সাউদার্ন ব্রেভের কোচ হিসেবে কাজ করায় ইংলিশ ক্রিকেট সম্পর্কেও তার বিস্তর অভিজ্ঞতা রয়েছে।

ফ্লেমিংয়ের আরেকটি বড় সুবিধা হলো ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। ম্যাককালাম এখন শুধুমাত্র ইংল্যান্ডের সাদা বলের দলের কোচ হিসেবে থাকছেন এবং টেস্ট দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। দুজন শুধু ঘনিষ্ঠ বন্ধুই নন, ব্যবসায়িক অংশীদারও।

তবে ফ্লেমিং এখনই ইংল্যান্ডের দায়িত্ব নিচ্ছেন না। ৫৩ বছর বয়সি কোচ পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে দলের সঙ্গে থাকবেন না। ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হওয়া ওই সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কাস ট্রেসকোথিক। ফ্লেমিং বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। পরে গ্রীষ্মে তিনি যুক্তরাজ্যে এসে ডিসেম্বর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি নেবেন।

দায়িত্ব নেওয়ার আগেই ফ্লেমিং তার প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে জো রুটকে আবার টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন। নিউজিল্যান্ড সিরিজ শেষে বেন স্টোকসের আকস্মিক আন্তর্জাতিক অবসরের পর রুটকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক করার আলোচনা ছিল। পাশাপাশি ভবিষ্যতের জন্য রুট ও সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুকের মধ্যে একজনকে দীর্ঘমেয়াদি নেতৃত্ব দেওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু মঙ্গলবার ইসিবি ঘোষণা দেয় যে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে রেকর্ড ৬৪টি টেস্টে নেতৃত্ব দেওয়া ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহক জো রুটই আবার পূর্ণকালীন অধিনায়ক হচ্ছেন।

ফ্লেমিং ইসিবির বিবৃতিতে বলেন, ‘ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে যোগ দিতে পেরে আমি অত্যন্ত রোমাঞ্চিত। এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ কোচিং পদ এবং এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে এবং ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস যে ভিত্তি তৈরি করেছেন, সেটিকে আরও এগিয়ে নিতে মুখিয়ে আছি। অবশ্যই আমাদের লক্ষ্য এখনই জয় অর্জন করা। তবে একই সঙ্গে দলকে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্যও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। দলের ভেতরে ও আশপাশে অনেক প্রতিভাবান তরুণ রয়েছে, এবং আমাদের লক্ষ্য হবে তাদের বিশ্বমানের ক্রিকেটারে পরিণত হতে সহায়তা করা।’

বিজ্ঞাপন

পড়ুন : ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা-স্পেনের ৫ খেলোয়াড়-কর্মকর্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন