ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদত্যাগ করেছেন—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া চিঠি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মোদির স্বাক্ষর সংবলিত ওই কথিত পদত্যাগপত্র ঘিরে নেটদুনিয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনভর সামাজিকমাধ্যমে চিঠিটির ছবি ভাইরাল হতে দেখা যায়। এতে দাবি করা হয়, ব্যক্তি ও রাজনৈতিক দায়িত্ব স্বীকার করে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদি।
চিঠিটির সত্যতা যাচাই না করেই অনেক সামাজিকমাধ্যম ব্যবহারকারী এটি শেয়ার করেন। তবে পরে ফ্যাক্ট-চেকের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, চিঠিটি সম্পূর্ণ ভুয়া।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন-এর প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে ভারতের সরকারি তথ্য সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) তাদের এক্স হ্যান্ডেলে সতর্কবার্তা প্রকাশ করেছে।
পিআইবি জানায়, প্রধানমন্ত্রীর স্বাক্ষর সংবলিত যে চিঠিটি অনলাইনে ছড়িয়ে পড়েছে, সেটি জাল। নরেন্দ্র মোদি এমন কোনো চিঠিতে স্বাক্ষর করেননি এবং এ ধরনের কোনো পদত্যাগপত্রও দেননি। তাই এ ধরনের তথ্য বা পোস্ট শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, চলমান আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় পাকিস্তানভিত্তিক একাধিক অ্যাকাউন্টের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
পুলিশের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত ও উসকানি দেওয়ার উদ্দেশ্যে এসব বেনামি অ্যাকাউন্ট থেকে সম্পাদিত ভিডিও, ভুয়া পোস্ট ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। এ ধরনের তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ ও সরকার।
পড়ুন: দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ২২১৬ টাকা
আর/


