চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মো. রফিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বোন রাজু বেগমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর এলাকার মিয়াজীবাড়ি থেকে রফিকের মরদেহ উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ।
নিহত রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রফিক ও তাঁর বোন রাজু বেগম একই বাড়িতে বসবাস করতেন। ভিটেমাটি ও জায়গা-জমি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার রাতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘর থেকে চিৎকারের শব্দ শুনে পাশের ঘরের ভাড়াটিয়ারা এগিয়ে গিয়ে দরজার পাশে রফিককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে স্বজনদের খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ঘটনায় রাজু বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পড়ুন : টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩


