জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক শহর ও ভেন্যুর তালিকা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত লঞ্চিং ইভেন্টে জানানো হয়, ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি শহরে।
২৪ বছর পর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আবারও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আর নামিবিয়া প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের অংশ হতে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশ্বকাপের ব্র্যান্ড ও থিমও উন্মোচন করা হয়। এবারের ব্র্যান্ডের নাম ‘মেইক দ্য সার্কল বিগার’ এবং টুর্নামেন্টের থিম ‘থ্রি নেশন্স, ওয়ান হার্টবিট’।
জোহানেসবার্গের ইনান্ডা পোলো ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার হয়ে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারা। তাদের মধ্যে ছিলেন গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা। জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার হয়ে ছিলেন রুডলফ ইয়ানেস ফন ফুরেন।
বিশ্বকাপের ব্র্যান্ডের মূল ভাবনায় রাখা হয়েছে আফ্রিকার ঐতিহ্যবাহী গোলাকার বোনা বাটি ও ঝুড়ির প্রতীক। আয়োজকদের মতে, এই প্রতীক আফ্রিকার সংস্কৃতিতে ঐক্য, আতিথেয়তা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। ক্রিকেটের মাধ্যমে বিশ্বকে সেই বৃত্তে যুক্ত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।
দক্ষিণ আফ্রিকায় আট ভেন্যু
২০২৭ বিশ্বকাপের ৫৪ ম্যাচের বড় অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির আটটি শহরে হবে খেলা। ভেন্যুগুলো হলো—
জোহানেসবার্গ
সেঞ্চুরিয়ন
ডারবান
গেবেখা (সাবেক পোর্ট এলিজাবেথ)
কুগোম্পো সিটি (সাবেক ইস্ট লন্ডন)
কেপ টাউন
পার্ল
ব্লুমফন্টেইন
বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম অথবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামকে বিবেচনায় রাখা হয়েছে।
জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ম্যাচ
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে সাত থেকে দশটি ম্যাচ। দেশটির প্রধান ভেন্যু হিসেবে থাকছে হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব। এর পাশাপাশি ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামেও ম্যাচ আয়োজন করা হবে।
প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছরের শেষ দিকে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে হবে অন্তত তিনটি ম্যাচ। এছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে।
২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। মূল টুর্নামেন্টের আগে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার প্রধান ভেন্যুগুলো তখন এসএ টোয়েন্টি লিগের কারণে ব্যস্ত থাকবে।
আফ্রিকার তিন দেশের যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপকে ক্রিকেটের বিশ্বমঞ্চে নতুন এক উদযাপন হিসেবে তুলে ধরতে চায় আয়োজকরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

